বিয়ের জন্য সঠিক মানুষ পাওয়া গুরুত্বপূর্ণ: বাঁধন

বিয়ের জন্য সঠিক মানুষ পাওয়া গুরুত্বপূর্ণ: বাঁধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৪:৪৩

সবসময় খোলামেলা ও সোজাসাপ্টা বক্তব্যের জন্য আলোচিত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবারও ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বলেছেন। ঈদুল আজহা উপলক্ষে একটি মাল্টিমিডিয়া অনুষ্ঠানে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিয়ে নিয়ে জানতে চাইলে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল এবং তিনি উপযুক্ত একজন মানুষও খুঁজে পেয়েছিলেন।

বাঁধন বলেন, “সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে শেষ পর্যন্ত সম্পর্কটি এগিয়ে নেয়নি।”

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে না পাওয়ার কথাও জানান এই অভিনেত্রী। তবে প্রেমের অভিজ্ঞতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

তিনি আরও বলেন, “এখন বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই না। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তাদের একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ের জন্য সঠিক মানুষ পাওয়া গুরুত্বপূর্ণ।”

অতীতের অভিজ্ঞতা নিয়ে বাঁধন বলেন, তিনি জীবনে দুইবার বিয়ে করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে এখন আরও সতর্ক।

অনুষ্ঠানে ঈদ ও শৈশবের স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় ঈদ ছিল পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দঘন সময় কাটানোর উপলক্ষ, যা এখনো তার স্মৃতিতে বিশেষ জায়গা দখল করে আছে।

বর্তমানে বয়স ও দায়িত্ববোধের পরিবর্তনের কারণে ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয় বলেও মন্তব্য করেন তিনি।