পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য রচনা ব্যানার্জি পুরোনো একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। আরজিকর হাসপাতালের চিকিৎসক হত্যাকাণ্ড-সংক্রান্ত ওই ভিডিও নিয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এক আইনজীবী রচনা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে দাবি করা হয়েছে, ২০২৪ সালের আগস্টে আরজিকর হাসপাতালের আলোচিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রচনা ব্যানার্জি নিহত নারী চিকিৎসকের নাম একাধিকবার উল্লেখ করেছিলেন।
অভিযোগকারীর বক্তব্য, ভারতীয় আইনে যৌন নির্যাতন বা এ ধরনের সংবেদনশীল ঘটনার শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। তাই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য আইনবিরোধী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীর দাবি, ভিডিও প্রকাশের সময়ই তিনি বিষয়টি নিয়ে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তবে সে সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীর দাবি।
তিনি আরও জানান, ঘটনার দীর্ঘ সময় পার হলেও ওই ভিডিও এখনো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে রয়েছে। এ কারণে বর্তমান পরিস্থিতিতে তিনি আবারও থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
তবে এ অভিযোগের বিষয়ে এখনো রচনা ব্যানার্জি বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রচনা ব্যানার্জি পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত তারকা সংসদ সদস্য। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।
আরো পড়ুন: