প্রেমিকাকে বিয়ে করছেন আমির খান

প্রেমিকাকে বিয়ে করছেন আমির খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১১:৪০

বলিউড অভিনেতা আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।

দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। অনুষ্ঠানটি বড় পরিসরে না হয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত আয়োজনেই সম্পন্ন হবে বলে জানা গেছে।

অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বলিউডের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

এর আগে আমির খান দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর ২০০২ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ১৬ বছর সংসারের পর ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।

আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আগের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। গৌরীর পারিবারিক পটভূমিও আলোচিত। তার দাদা ফিলিপ স্প্র্যাট ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী ছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

গত বছর নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।

এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।