দীর্ঘ প্রেমের পর বিয়ে করলেন মধুমিতা সরকার

দীর্ঘ প্রেমের পর বিয়ে করলেন মধুমিতা সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৭:২১

আপডেট: ৬ জুন, ২০২৬ ১৭:২৪

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে পরিচিত এই অভিনেত্রী বিয়ে করেছেন দেবমাল্য চক্রবর্তীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন তারা। এবার রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকা দম্পতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন মধুমিতা। একেবারে সাধারণ আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের দিন মধুমিতাকে দেখা যায় রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার-কামিজে। কোনো ভারী সাজসজ্জা ছাড়াই সাদামাটা লুকে ছিলেন অভিনেত্রী। অন্যদিকে দেবমাল্যও ছিলেন সাধারণ পোশাকে।

এই বিশেষ মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। ছবি প্রকাশ করে মধুমিতা লিখেছেন, ‘আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।’

এটি দেবমাল্যের প্রথম বিয়ে হলেও মধুমিতার দ্বিতীয়। এর আগে অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে কয়েক বছর পর তাদের সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে।

২০১৩ সালে প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান মধুমিতা। বাংলাদেশেও ‘পাখি ড্রেস’ নিয়ে একসময় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল।

পরবর্তীতে সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘কুলের আচার’, ‘সূর্য’, ‘টাংরা ব্লুজ’, ‘লাভ আজ কাল পরশু’সহ বেশ কিছু ছবিতে দেখা গেছে তাকে।