মুক্তির অপেক্ষায় মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’

মুক্তির অপেক্ষায় মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১৪:৪১

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। দীর্ঘ ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মনস্তাত্ত্বিক গল্পনির্ভর ‘বিচ্ছেদ বেদনা’ সিনেমাটি করোনাকালীন সময়ে নির্মিত হয়েছে। সম্প্রতি ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে, ফলে মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। ‘প্রিয়জন কথাচিত্র’ ব্যানারে নির্মিত এই ছবির এখন চলছে চূড়ান্ত মুক্তি-প্রক্রিয়া।

জানা গেছে, পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন মৌসুমী। তার সঙ্গে পর্দায় দেখা যাবে অভিনেতা ফেরদৌস আহমেদ এবং আবদুন নূর সজলকে।

এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। অভিনয়ের পাশাপাশি তিনি ‘গরিবের রানী’ ও ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমায় প্রযোজক হিসেবেও কাজ করেছেন।