অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা, আসছে ওটিটি সিরিজ ‘হেডলাইন’

অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা, আসছে ওটিটি সিরিজ ‘হেডলাইন’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১২:৫৫

ওটিটি প্ল্যাটফর্মে নতুন রহস্যঘেরা গল্প নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান।

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম পোস্টার। সেখানে কালো টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব ও ইয়াশকে রহস্যময় আবহে দেখা যায়। তাদের চোখেমুখে যেন লুকিয়ে আছে সত্য অনুসন্ধানের তীব্র আকাঙ্ক্ষা।

পোস্টারে দেখা যায়, দুই অভিনেতা পুরোনো সংবাদপত্রের স্তূপ ভেদ করে সামনে এগিয়ে আসছেন। যা ইঙ্গিত দিচ্ছে বহুদিন ধরে চাপা পড়ে থাকা কোনো আলোচিত ঘটনার অনুসন্ধানের দিকে। পুরো ভিজ্যুয়ালেই সাংবাদিকতা ও অনুসন্ধানভিত্তিক গল্পের ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

সিরিজটিতে অপূর্ব ও ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল ও রায় রাজন্যাসহ আরও অনেকে।

নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, “নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির গল্প বলার চেষ্টা করেছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, দর্শকদের জন্য তেমন অনুভূতির একটি কাজ তৈরি করতে চেয়েছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আবরণের ভেতরে লুকিয়ে থাকা একটি পারিবারিক নাটক।”

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “দর্শকদের জন্য চিন্তার খোরাক জোগায় এমন গল্পই আমরা তুলে ধরতে চাই। ‘হেডলাইন’ সেই ধরনের একটি কাজ। অনীমের নির্মাণশৈলী ও চিত্রনাট্য দর্শকদের শেষ পর্যন্ত পর্দার সামনে ধরে রাখবে বলে আমাদের বিশ্বাস।”