ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৬:৪০

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে তার চিকিৎসা চলছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো অংশ অপসারণ করা যায়নি। পরবর্তীতে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।

এরপর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে কয়েক মাস কেমোথেরাপি নেওয়ার পর বর্তমানে তিনি ওরাল থেরাপির মধ্যে রয়েছেন। সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহে প্রায় ৬০টি কেমোথেরাপি গ্রহণ করেছেন তিনি।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থায় এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার বর্তমান অবস্থা প্রায় আগের মতোই স্থিতিশীল রয়েছে।

চিকিৎসকদের মতে, ক্যানসার আক্রান্ত অংশটি এখনও একই স্থানে রয়েছে এবং তা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েনি, যা কিছুটা স্বস্তির বিষয়। তবে উন্নতির সম্ভাবনা নির্ভর করছে চলমান দ্বিতীয় ধাপের ওরাল থেরাপির ফলাফলের ওপর।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ে ইমা ইসলামের বাসায় অবস্থান করছেন। পরিবারের সান্নিধ্যে সময় কাটালেও শারীরিকভাবে তিনি অনেকটা দুর্বল। ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি ধীরে ধীরে কথা বলতে পারলেও জড়তা রয়েছে এবং অনেক সময় বাক্য সম্পূর্ণ করতে কষ্ট হয়।

তবে খাবার গ্রহণ মোটামুটি স্বাভাবিক থাকলেও আগের মতো নিয়মিত নয়। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং আগামী ৩০ জুলাইয়ের পর তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।