ইকরার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী

ইকরার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১৪:৪৭

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভুঁইয়া)। পরে তিনি জামিন আবেদন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে।

এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

মামলাটির পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।