তিন দশক পর আবার ‘কুলি’ হয়ে ফিরছেন ওমর সানী

তিন দশক পর আবার ‘কুলি’ হয়ে ফিরছেন ওমর সানী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৮:১৭

প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

জানা গেছে, শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে। বাস্তবধর্মী গল্প তুলে ধরতে ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকাকেই শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন মহিন খান এবং চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

ওমর সানী বলেন, এটি ছোট পরিসরের কাজ হলেও গল্পের ব্যাপ্তি বড়। এখানে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। তার ভাষায়, “আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই চরিত্রের অনুপ্রেরণাতেই নতুন এই প্রজেক্টে আমাকে যুক্ত করা হয়েছে।”

পরিচালক মহিন খান জানান, এটি একটি ভিন্নধর্মী মাদকবিরোধী গল্প। সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা দেওয়া হবে এই শর্টফিল্মে। এখানে ওমর সানীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে।

জানা গেছে, শর্টফিল্মটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম এবং অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতারা এটি অ্যামাজন প্রাইমে মুক্তির পরিকল্পনা করছেন।