একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১১:০৩

আপডেট: ২৯ জুন, ২০২৬ ১১:১৭

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নেওয়া হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফা এবং মা জমিলা খাতুন।

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। পরে কলকাতা সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে (বর্তমান গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট) অধ্যয়ন করেন এবং ১৯৫৯ সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিন-এর পরামর্শে আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

চিত্রকলার পাশাপাশি শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, সাংস্কৃতিক বিকাশ এবং গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন তিনি।

তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গন এক গুণী শিল্পী ও সংগঠককে হারাল।