শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে জুলাই অবমাননার অভিযোগ

শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে জুলাই অবমাননার অভিযোগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১২:২১

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিনজন প্রতিনিধি এ অভিযোগ দাখিল করেন।

শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যেহেতু অভিযোগটি সাইবার সংশ্লিষ্ট, তাই তদন্তের জন্য তা ডিবি সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে তদন্ত করবে।

থানা সূত্রে জানা যায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও বক্তব্যে জুলাই আন্দোলন ও সংশ্লিষ্টদের অবমাননা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাতের একটি ভিডিও প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়।

এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত বা সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি আন্দোলনকারীদের কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

অভিযোগকারীরা দাবি করেন, এসব বক্তব্য ও কর্মকাণ্ডে আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনকে হেয় করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ডিবি সাইবার বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে।