বলিউড অভিনেতা আমির খান ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন।
রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। অন্যদিকে, আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে।
বিয়ের আগে এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তারা নিবন্ধিত ও ঘরোয়া বিয়েকেই প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার একটি ছেলে রয়েছে।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির খান। তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও পরে সেই সম্পর্ক নতুন করে শুরু হয়।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। দুই সাবেক স্ত্রীর সঙ্গেই তার সুসম্পর্ক রয়েছে এবং তাদের দুজনই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: