সামান্থা রুথ প্রভু অভিনিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ প্রথম নারীপ্রধান তেলুগু ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে খবরটি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।
ভিডিওটির শুরুতে দেখা যায়, সামান্থা একা বসে আছেন। এমন সময় রাজ নিদিমরু (সামান্থার স্বামী) একটি আইপ্যাড হাতে নিয়ে তার কাছে আসেন। কৌতূহলবশত সামান্থা সেটি আনলক করতেই চোখে পড়ে একটি পোস্টার- যেখানে জানানো হয়, ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। মুহূর্তেই তার মুখে ফুটে ওঠে প্রশস্ত হাসি।
৩৯ বছর বয়সী এই অভিনেত্রী তার বার্তায় জানান, ছবি মুক্তির আগের কয়েক দিন তিনি অনেক চিন্তায় ছিলেন। দর্শক ছবিটি নিয়ে আগ্রহী কি না, কথা বলছে কি না, প্রচারণার খবর দর্শকের নাগাল অব্দি যাচ্ছে কি না? তবে দিন শেষে ঠিকই দর্শক তাকে ভাসিয়ে দিয়েছেন উষ্ণ ভালোবাসায়।
নারীপ্রধান গল্পের ছবি উপমহাদেশে খুব কমই সফল হয়। সে যাত্রায় নতুন মাইলফলক অর্জন করলেন সামান্থা। তার ভাষ্য, 'সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আমার প্রত্যাশা, এই ছবির সাফল্য ধীরে ধীরে নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভবিষ্যতে যখন কোনো প্রদর্শকের কাছে নায়িকাকেন্দ্রিক সিনেমার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন যেন উত্তরটা সরাসরি ‘না’ না হয়ে আশাবাদী কিছু হয়।'
এতদিন ধরে তেলুগুতে নারীপ্রধান ছবির সর্বোচ্চ আয় ছিল ‘মহনতি’র। কীর্তি সুরেশ অভিনীত ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়ে ৮৩ কোটি রুপি আয় করেছিল।
আরো পড়ুন: