ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান আবারও নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন। ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর এবার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে নতুন চলচ্চিত্র ‘নিঃস্ব’-এ কাজ করতে যাচ্ছেন তিনি।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি শাকিব খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাকে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে দেখা যায়। ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।
জানা গেছে, ‘বরবাদ’-এর মতো ‘নিঃস্ব’ সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, শিগগিরই সিনেমাটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এরপর শুরু হবে শুটিং কার্যক্রম।
এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। নির্মাতাদের দাবি, ছবিটি বক্স অফিসে ৭৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়েও শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
আরো পড়ুন: