সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ আগস্ট

সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ আগস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৭:১৩

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন—সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু হয়। ওই ঘটনায় প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল।

পরবর্তীতে বাদীপক্ষের করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং আদালতের সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত বিষয় নির্ভর করবে।