ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ১৯:০৩

আপডেট: ২৮ অক্টোবর, ২০২৫ ১৯:১০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ল্যাবএইড হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন। এই চার জনের মধ্যে একজন পুরুষ ও তিন জন নারী। তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।

চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট ২৭৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২০৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪০ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে নয় জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে এক হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৬৪ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।         

চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ১ শতাংশ নারী।       

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।