চাঁদপুরে তিন শতাধিক কেজি পঁচা ইলিশ মাছ জব্দ করে এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে মৎস্য অবতরণ কেন্দ্রে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, 'অভিযানে একটি ট্রলারে পঁচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) পাওয়ায় ভোলার মনপুরা থেকে আসা মাছ ব্যবসায়ী হেলাল মাঝিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই ব্যক্তির পক্ষে মোস্তফা কামাল নামের স্থানীয় মাছ ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন। এ সময় পঁচা ইলিশে কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সহায়তা প্রদান করে।
বাসস।
আরো পড়ুন: