গত ২৪ ঘণ্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৮ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭৮ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৯ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯৪ জন, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৩ ও সিলেট বিভাগে তিন জন ভর্তি হয়েছেন।
একই সময়ে সারাদেশে ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: