ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৯:৫১

ফরিদপুরের সদরপুর উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের গৃহবধূ মাফুজা বেগমকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার ঘটনায় অভিযুক্ত চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় দেন।

রায়ে জাহাঙ্গীর বেপারী, কামরুল মৃধা, আলী বেপারী ও বক্কার বেপারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া ওই আসামিদেরকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

অপরদিকে, অন্য দুই আসামি মমতাজ বেগম এবং আবুল কালাম ব্যাপারীকে ধর্ষণ ও হত্যার আলামত নষ্টের অভিযোগে প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেই সঙ্গে আরও ২০ হাজার টাকার জরিমানা, অনাদায় ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

রায় ঘোষণার সময় পলাতক আসামি জাহাঙ্গীর বেপারী ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

গত ২০১২ সালের পহেলা অক্টোবর রাতে অভিযুক্ত চার ব্যক্তি মাহফুজা বেগমের ঘরে প্রবেশ করে তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের মা জেলেখা বেগম বাদি হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন।

বাসস।