রাজধানীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ২১:২২

রাজধানীর আদাবরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী টুনটুনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দিবাগত রাতে আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টুনটুন (৪০) জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের সহোদর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে- রাজধানীর আদাবর থানাধীন গোল্ডেন স্ট্রিট এলাকায় একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-২ ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-২ এর একটি দল বুধবার দিবাগত রাতে সেখানে অভিযান চালায়।

এ সময় আসামী টুনটুনকে (৪০) আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে মাদকের বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আসামি টুনটুনের দেওয়া তথ্যানুযায়ী তার ভাড়া বাসা থেকে দুটি  বিদেশি  পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র বিক্রি করা অর্থ পাঁচ লাখ ৬১ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুনটুন জানিয়েছে- সে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন স্থানে অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

টুনটুনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

বাসস।