গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জোর দিয়ে বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই এটি পেছাতে পারবে না।”
শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন নির্ধারণ করবেন।”
চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। এখন নারীরা পিছিয়ে নেই; সব ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছে ও প্রতিনিধিত্ব করছে।”
উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে উৎসাহিত করতে নোবিপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাইন্ডব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন ২০২৫’।
নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।
-বাসস
আরো পড়ুন: