ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৫০৬ জন

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৫০৬ জন
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৭:৪৫

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ ১৭:৫২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৬ জন। একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন রয়েছেন।

একই সময়ে এক হাজার ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৬৬ হাজার ৮০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে দেশে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮৬২ জন। এর মধ্যে ৬৫ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক আট শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।