লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ২১:৩৪

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ দেশে ফেরা বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সবার সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করে যাচ্ছে।

দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্র পথে অবৈধ ভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। 

বাসস।