নিজ বাড়ি থেকে আ'লীগ নেতার লাশ উদ্ধার

নিজ বাড়ি থেকে আ'লীগ নেতার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ২২:২২

সিলেটে নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক পর্যায়ে পরিবারের লোকজনদের সন্দেহে রাখা হচ্ছে। নিহতের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।