সাতক্ষীরায় পঁচা মাংস বিক্রির দায়ে জরিমানাসহ কারাদণ্ড

সাতক্ষীরায় পঁচা মাংস বিক্রির দায়ে জরিমানাসহ কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১৯:০১

আপডেট: ২ নভেম্বর, ২০২৫ ১৯:০২

সাতক্ষীরায় বিভিন্ন হোটেলে পঁচা মাংস সরবরাহের দায়ে আবদুল কাদের (৩৬) নামের এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সকালে জেলা শহরের লাবণী মোড় থেকে মাংস ব্যবসায়ী সমিতির সহায়তায় আবদুল কাদেরকে আটক করা হয়। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। 

এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি অফিসার বিপ্লব জিৎ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, 'অভিযুক্ত ব্যক্তি অবৈধ ভাবে পঁচা মাংস এনে শহরের বিভিন্ন হোটেলে সরবরাহ করছিলেন। প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষায় ওই মাংস পঁচা ও দুর্গন্ধযুক্ত প্রমাণিত হওয়ায় খাদ্য নিরাপত্তা আইনের ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত প্রায় ৩০ কেজি পঁচা মাংস জনসমক্ষে ধ্বংস করা হয়।

বাসস।