গণপিটুনিতে ৩ গরু চোর নিহত, ২০০ জনের বিরুদ্ধে মামলা

গণপিটুনিতে ৩ গরু চোর নিহত, ২০০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ২১:৩৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

রোববার গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তিন জনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের কাউসার আলীর (৩২) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ার আব্দুস সালামের বসতবাড়িতে হানা দেয় চোরেরা। বাড়ির পাশে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙে তিনটি গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তখন সবাই মিলে লাঠিসোঁটা হাতে পিকআপের পেছনে তাদের ধাওয়া করলে তারা নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাঁধার মুখে পিকআপ থেকে তিন জন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়। 

সে সময় উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই চোর নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দু'জনের মরদেহ উদ্ধারসহ আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তিন জনকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপর দু'জনের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে।