গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগের দিন রোববার ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫ জন। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে নয় জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারাদেশে এক হাজার ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন।
চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারালেন ২৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: