সিএনজিকে ট্রাকচাপায় নিহত ৬

সিএনজিকে ট্রাকচাপায় নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৬:৪৭

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ১৬:৫৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার চালক শাহআলম খোকন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাকিদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে কবিরহাট পার হয়ে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। এছাড়া কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দু'জন মারা যান।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনটি মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি। আহত তিন জনকে হাসপাতালে পাঠানো হয়।'

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ বলেন, 'আহত তিন জনকে হাসপাতালে আনার পর একজন নারী মারা যান। পরে বাকি দু'জনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠালে পথে তাদেরও মৃত্যু হয়।'

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, 'খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।