স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, '২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে সরকার।'
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'যেসব পুলিশ অফিসাররা পালিয়ে গেছে তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে আপনাদের (মিডিয়া) সহযোগিতা দরকার।'
তিনি বলেন, 'পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।'
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বিগত ২০১৪, ’১৮ ও ’২৪ এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের বেশির ভাগ কর্মকর্তাকে আমরা চেঞ্জ করবো।'
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে তাকে আইনের আওতায় আনা হবে।
সভায় স্বরাষ্ট্র সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেয়।
বাসস।
আরো পড়ুন: