বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা তিন জনই বিএনপি কর্মী। দলীয় সভা শেষে তারা বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, নিহতরা রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার দিকে বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন জন মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটকে পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: