ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৬:৪৩

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ১৭:২০

সারাদেশে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তিন জন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে দু'জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২০ বছরের কম বয়সী চার জন। ৪০ বছরের বেশি বয়সীও চার জন। নিহতদের মধ্যে নারী পাঁচ জন এবং পুরুষও পাঁচ জন। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০২ জনে। শনাক্ত রোগী বেড়ে ৭৪ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৫২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৪৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।