সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ রিমান্ডে ৭

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বাধনসহ রিমান্ডে ৭
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৮:৫৪

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ১৮:৫৫

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধনসহ সাত জনের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃত অপর আসামিরা হলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ছাত্রলীগ কর্মী মেজবাহুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, মোস্তাফিজুর রহমান, যুবলীগ কর্মী শেখ রাশেদুজ্জামান ও সেচ্ছাসেবক কর্মী মামুন শেখ পরশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করাসহ তাদের কর্মকাণ্ড গতিশীল করার উদ্দেশ্যে সমবেত হয়। সে সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর পল্টন থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ।

বাসস।