ডেঙ্গুতে প্রাণহানি কমেছে

ডেঙ্গুতে প্রাণহানি কমেছে
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৭:২২

সারাদেশে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তিন জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে পাঁচ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৩৮৮ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৬ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।