নারায়ণগঞ্জে ভাবী-ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ভাবী-ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ১৮:০২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ০২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। এ সময় রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাদিকুর রহমান ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮) কেও কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পর দিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।