রং মিশিয়ে লাল তিল কালো করায় জরিমানা

রং মিশিয়ে লাল তিল কালো করায় জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ২০:২৭

রাজবাড়ীর গোয়ালন্দে বেশি দামে বিক্রির লোভে লাল তিলের সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে কালো করার দায়ে রফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথি দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ব্যবসায়ী রফিকুল ইসলাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথি দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল তিলের সঙ্গে ক্ষতিকর ক্যামিক্যাল মিশিয়ে কালো করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এসব তিল খাদ্য হিসেবে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছিল। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দাবি করেছেন, রং করা তিল পাখির খাবার হিসেবে বিক্রি করা হতো। এরপরও বিষয়টি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। প্রথমবার তাকে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না করার মুচলেকা নেওয়া হয়। এ সময় রং করা ২০০ কেজি তিল জব্দ করে ধ্বংস করা হয়।