চট্টগ্রামে বাবলা হত্যা ও গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামে বাবলা হত্যা ও গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ২১:৪৬

আপডেট: ৭ নভেম্বর, ২০২৫ ২১:৪৮

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় র‍্যাব দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এছাড়া চট্টগ্রামের চালিতাতলী ও রাউজানে গোলাগুলির ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাবের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বাবলা হত্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- মো. আলাউদ্দিন ও মো. হেলাল।

এছাড়া, রাউজানে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিককেও গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, 'বাবলা হত্যা মামলায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চালিতাতলীতে প্রতিবন্ধী অটোরিকশাচালককে গুলি ও রাউজানে গোলাগুলির ঘটনায় মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

গত বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ'র গণসংযোগকালে সরোয়ার বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একই দিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত পাঁচ জন। এরপর বৃহস্পতিবার নগরীর চালিতাতলীতে এক অটোরিকশাচালককে গুলি করা হয়।