সেনাবাহিনী সদস্যরা আগে যেমন ছিল তেমনই থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনী সদস্যরা আগে যেমন ছিল তেমনই থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৬:৫১

আপডেট: ৯ নভেম্বর, ২০২৫ ১৭:২৩

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনী সদস্যরা আগে যেমন ছিল তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।’

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত যা ছড়িয়েছে সেটা গুজব, এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো ধরনের আশঙ্কা নেই।’

সেনাদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বলে গত ০৫ নভেম্বর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে একই দিন সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, ‘প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’