ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ

ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৮:৩৪

এখন থেকে আর কোনো সংঘর্ষে জড়াবে না বলে মৌখিক ভাবে শান্তিচুক্তি করেছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে রোববার দুপুরে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই চুক্তি হয়।

তবে, সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তিচুক্তি কর্মসূচিতে অংশ নেয়নি। 

এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমণ্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে তুচ্ছ ঘটনায় একাধিকবার সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সংঘর্ষের স্থায়ী অবসান ঘটাতে নিউ মার্কেট থানার ওসি অভিনব এই উদ্যোগ নেন।

ওসি বলেন, 'সিটি কলেজের শিক্ষার্থীরা বলছে যে তাদের সঙ্গে কারও কোনো সমস্যা নেই। তবে আমরা আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের শান্তি উদ্যোগে যোগ দেবেন।'