সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রোরবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৭৯ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয় জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৭৯ হাজার ৭২২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে ২৩৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৫৭ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, রাজশাহী বিভাগে ১০৯ জন, রংপুর বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে আট জন রয়েছেন।
একই সময়ে দুজনেরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ১১৬ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: