রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেপ্তার

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেপ্তার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ১৮:৩৮

আপডেট: ১০ নভেম্বর, ২০২৫ ১৮:৪১

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার রাজধানীর পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

ভোর রাত পৌণে ৪টার দিকে হেলমেট পরা দুই দুর্বৃত্ত রাজধানীর মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।'

তিনি বলেন, 'সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- ভোর রাত পৌণে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। ককটেল বিস্ফোরণের পর তারা পালিয়ে যান। মোটরসাইকেলে থাকা দু'জনের মাথায় হেলমেট ছিল।'

সকাল আনুমানিক ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, 'এই ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

এদিকে, ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ওই যুবককে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।

পুলিশের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল ও ক্যাথলিক পরিচালিত খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে সংঘটিত হামলার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

এছাড়া, সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।