বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, 'আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা মঙ্গলবার থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।'
তিনি বলেন, 'শহীদ মিনারে গিয়ে নেতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। মঙ্গলবার থেকেই আমরা ক্লাসে ফিরে যাব।'
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন ছাড়াও চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার দাবি তুলে ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার (০৮ নভেম্বর) সকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। সে দিন বিকেলে তারা 'কলম বিরতি কর্মসূচি' পালনে মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করলে শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ।
সে সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠি চার্জ, কাঁদুনে গ্যাসে শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। দেড় শতাধিক শিক্ষক আহত হওয়ার পাশাপাশি পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বাধার মুখে শহীদ মিনারে ফিরে এসে রোববার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। এ দিন রাতে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিত করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও সেই সিদ্ধান্ত পরে তারা সরে আসেন।
সোমবার তৃতীয় দিনের মত শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। সেই সঙ্গে দ্বিতীয় দিনের মত তাদের কর্মবিরতির কর্মসূচিও চলে।
আরো পড়ুন: