মেডিকেলে ভর্তির আবেদন ‍শুরু মঙ্গলবার

মেডিকেলে ভর্তির আবেদন ‍শুরু মঙ্গলবার
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ২২:২৪

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আগামী ১২ ডিসেম্বর এবারের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এবার দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিতে মোট আসন সংখ্যা থাকছে পাঁচ হাজার ১০০টি। আর বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন সংখ্যা ৫৪৫টি।

২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে ২০২২ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নিতে পারবেন না।

বাংলাদেশি আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। একক ভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পাঠ্য থাকতে হবে। একইসঙ্গে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকতে হবে।

মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন শুরু হবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায়। অনলাইনে এ আবেদন শেষ হবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। তবে ফি জমা দেওয়া যাবে পর দিন অর্থাৎ, ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১০ট থেকে সোয়া ১১টা পর্যন্ত।

এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী বরাবর ফির টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে আইডি নম্বর নিতে হবে।