১৩ নভেম্বর সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩ নভেম্বর সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৮:০২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে।'

মঙ্গলবার সকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।'

তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে।' এছাড়াও সন্দেহভাজন কাউকে দেখলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।'

তাই আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনারা অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এ জন্য আমরা তাদেরও অনুরোধ করবো, যারা জামিন দেন তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেন।'

তিনি বলেন, 'আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।'