আ'লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

আ'লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ১৯:৪৭

আপডেট: ১১ নভেম্বর, ২০২৫ ১৯:৪৮

আওয়ামী লীগ সংঘটিত জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও দলটির নাশকতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

জাহিদুল ইসলাম বলেন, 'জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল- সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক কাঠামো গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের অভিযাত্রায় জুলাই সনদ একটি অপরিহার্য উপাদান।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ অতীতের ন্যায় আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশে গুম ও গণহত্যার প্রবর্তক নিষিদ্ধ এই দলটি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা শুরু করেছে।'

কেন্দ্রীয় সভাপতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করার দাবি জানান।

এছাড়াও, দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।