গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে যানবাহনগুলোতে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগরা পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে ভিআইপি পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।'
অপরদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ওই বাসের আগুন নিভায়। তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, 'মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷'
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
আরো পড়ুন: