সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৮টার দিকে এ তথ্য জানান ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
এর আগে ভোর পৌণে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে দু'জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়।
বাসের চালক সাত্তার বলেন, 'আমি গাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমার পায়ের হাঁটুতে আঘাত পাই।'
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, 'খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোনো খবর পাইনি।'
এ বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, 'আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি তাদের বিচার চাই। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাই আমি যেন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেন।'
আরো পড়ুন: