নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৮:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিব হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লা এলাকার মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার উজ্জ্বল (২৬), ফতুল্লা এলাকার রাহাত মোল্লা (২৪), ফতুল্লার ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) এবং একই এলাকার জুলহাস ওরফে জয় (২৭)।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লার নয়ামাটি এলাকার মো. নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই আদালত এই রায় ঘোষণা করেন।