আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের দিনে সাধারণ গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একইসঙ্গে শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, 'অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কোনো বাসে যেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে না পারে সে জন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের দায়িত্বশীলদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।'
জোবায়ের মাসুদ বলেন, '১০ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও দু'জন শ্রমিক আহত হয়েছেন। নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। তারা আজ (বুধবার) রাতভর এবং বৃহস্পতিবারও টার্মিনাল পাহারা দেবেন।'
এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এর প্রভাব পড়েছে সড়কে যানবাহনের চলাচলে। অন্য সাধারণ দিনের তুলনায় আজ ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন কিছুটা কম দেখা গেছে।
আরো পড়ুন: