প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন বাসসকে এ তথ্য জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদি সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেলগুলো বাদিকে হস্তান্তর করতে ব্যর্থ হন তারা। এরপর বাদিকে সিটি ব্যাংকের দুটি চেক প্রদান করেন। বাদি ২০২২ সালের ১২ এপ্রিল চেক দুটি নগদায়ন করতে গেলে তা ফেরত আসে। এ ঘটনায় ২০২৩ সালের ২৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে সাদিকুর রায়হান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে।
আরো পড়ুন: