ঢাকাসহ সারাদেশে ৬ যানবাহনে আগুন

ঢাকাসহ সারাদেশে ৬ যানবাহনে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৫:০০

রাজধানীর ঢাকা, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে অন্তত ছয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।

রাত পৌণে ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে আগুন নেভায়।

রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়।

রাত সাড়ে ৩টার পর মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ভোর পৌণে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি পুড়ে যায়।